বিশেষ প্রতিনিধি::
ব্রাস্মণবাড়িয়ার সরাইল রিজিয়নের ১৩টি ব্যাটালিয়ন সীমান্ত থেকে ৯৩১ কোটি ২৭ লাখ ২২ হাজার ৫৯২ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান পণ্য জব্দ করেছে।
বুধবার দুপুরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান সংশ্লিষ্টরা।
২৮ বিজিবি জানায়, সরাইল রিজিয়নের আওতাধীন সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও শ্রীমঙ্গল সেক্টরের ১৩টি ব্যাটালিয়নের ২১১টি বিওপি রয়েছে। এই রিজিওনে প্রায় ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্তে নিয়মিত নজরদারি ও টহল পরিচালনা করছে বিজিবি। টহলকালে ভারত থেকে অবৈধ পথে আসা মাদকের মধ্যে রয়েছে ৩ লাখ ১২ হাজার ৯১০ পিস ইয়াবা, ১৩ হাজার ৮০৮ কেজি গাঁজা, ৬২ হাজার ৬৭৬ বোতল বিদেশি মদ ও বিয়ার, ১৫ হাজার ৫৮১ বোতল ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ, ৩ লাখ ৭৩ হাজার ৫৭১ পিস যৌন উত্তেজক ট্যাবলেট এবং ১৬৯ লিটার চোলাই মদ। এসব ঘটনায় ৩০৫ জনকে আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদক ছাড়াও ১১টি পিস্তল, ৯টি ম্যাগাজিন, ৭টি এয়ারগান, ৫টি পাইপগান, ৬২ রাউন্ড কার্তুজ, ১৯ কেজি উচ্চ বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর ও ৩০ মিটার ডেটোনেটর তার উদ্ধার হয়েছে।
প্রাকৃতিক সম্পদ রক্ষায় অভিযানে ১৫ হাজার ৯০০ ঘনফুট পাথর ও ৭ হাজার ৩০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে বলেও জানানো হয়।
ব্রিফিংয়ে আরো জানানো হয়, সীমান্তবাসীর কল্যাণে দুর্যোগকালে খাদ্য, চিকিৎসা ও ওষুধ সহায়তা এবং তরুণদের কারিগরি প্রশিক্ষণও দিয়েছে বিজিবি।
সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে.ক. জাকারিয়া কাদির বলেন, সরাইল রিজিওনে গত ৯ মাসে যত মাদক ও অবৈধ পণ্য জব্দ হয়েছিল তা নিয়ে আজ সুনামগঞ্জ ব্যাটালিয়নে ব্রিপিং হয়েছে। এখানে আমাদের উর্ধতন কর্তৃপক্ষও ছিলেন। বিজিবি সীমান্ত রক্ষায় অতন্দ্র প্রহরী হয়ে কাজ করবে।