ধর্মপাশা প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সরকারি জায়গা দখলের প্রতিবাদ করায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। রোববার সকালে উপজেলার পাথারিয়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শিক্ষক লিটন চন্দ্র বর্মণ পাথারিয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয়দের অভিযোগ, টিনু মিয়া নামের এক ব্যক্তি প্রায় তিন কিলোমিটার দূর থেকে এসে সরকারি খাস জায়গা দখল করে বাড়িঘর নির্মাণ করছেন। একই সঙ্গে তিনি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনকে হুমকি-ধমকি দিয়ে আসছেন বলেও অভিযোগ রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রোববার সকালে ওই সরকারি জায়গা দখলের প্রতিবাদ করেন প্রধান শিক্ষক লিটন চন্দ্র বর্মণ। এ সময় টিনু মিয়া ও তার স্বজনরা তার ওপর হামলা চালান। একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।
স্থানীয়রা জানান, হামলার আগে টিনু মিয়া প্রকাশ্যে ঘোষণা দিয়ে প্রধান শিক্ষকের ওপর হামলার হুমকি দিয়েছিলেন। ঘটনার পর এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয়রা হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
অভিযুক্ত টিনু মিয়ার মোবাইলে যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি।