স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা নদী থেকে অবৈধভাবে রাত দিন বালু লুট হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র শ্যালো মেশিন ও ড্রেজার দিয়ে নদী ও তীর কেটে বালু উত্তোলন করছে। এতে নদীভাঙন তীব্র হয়ে নদীর দুই পাড়ের বসতবাড়ি, মসজিদ, মাদ্রাসা, সড়ক ও ফসলি জমি ঝুঁকিতে পড়েছে। অবিলম্বে বালু লুটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে তারা একাধিকবার মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। গত শনিবার রাতে বালু উত্তোলনের জন্য আসা একটি নৌকায় স্থানীয় উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেন। পরদিন পূর্ব সোনাপুর গ্রামের কয়েকটি বাড়িঘর ভাঙনের ঝুঁকিতে পড়ার অভিযোগ নিয়ে এলাকাবাসী ইউএনওর কাছে গেলেও তিনি জেলা সমন্বয় সভায় থাকায় দেখা হয়নি। পরে বিষয়টি থানায় জানানো হয়।
পূর্ব সোনাপুরের বাসিন্দা আমির আলী বলেন, দুই বছর ধরে আমরা আন্দোলন করছি এবং কয়েক দফা মানববন্ধন করেছি। কিন্তু বালু উত্তোলন বন্ধে দৃশ্যমান উদ্যোগ দেখা যাচ্ছে না।
দোয়ারাবাজার থানার ওসি মো. তরিকুল ইসলাম তালুকদার বলেন, মরাচেলা নদী ইজারাবিহীন। অবৈধ বালু উত্তোলন ঠেকাতে নিয়মিত অভিযান চলছে। সোমবার রাতেও মোবাইল কোর্টের অভিযানে দুজনকে আটক করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ বলেন, নদীর পাড় কাটার প্রবণতা বেড়েছে এবং এতে গ্রামবাসী ভোগান্তিতে পড়েছেন। সোমবার রাতে সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে অভিযানে প্রায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় ছাতক নৌ-পুলিশকে আরও কঠোর হতে হবে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।