স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত গ্রাম রজনী লাইনে তিন শিশু সন্তানকে নিয়ে বিষপান করেছেন এক পিতা। এ ঘটনায় তিন সন্তানই মারা গেছে। পিতাকে মুমূর্ষ অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মধ্যপ্রাচ্যপ্রবাসী শ্রমজীবী স্ত্রীর সঙ্গে অভিমান করে সন্তানসহ বিষপানের ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা জানান। ১৯ সেপ্টেম্বর ভোররাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে শুক্রবার দিনগত রাতের শেষ দিকে রজনী লাইন গ্রামের শরফত আলী তার তিন শিশু সন্তানকে নিয়ে বিষপান করেন। তাদের গোঙ্গানি শুনতে পেরে প্রতিবেশিসহ স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় বাদাঘাট বাজারে ডাঃ হাফিজ উদ্দিন কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে এখানকার চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন এবং আহত পিতাকে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার করেন। সুনামগঞ্জ হাসপাতাল থেকেও তাকে সিলেট ওসমানী হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
গ্রামের বাসিন্দা হারুন মিয়া বলেন, জমসেদের বউ প্রবাসে থাকে। সে তিন বাচ্চা নিয়ে বাড়িতে থাকে। স্বজনদের ধারণা ফোনে বউয়ের সঙ্গে ঝগড়া করে তিন সন্তানসহ বিষপান করে। তিন সন্তানই মারা গেছে। ঘটনাটি খুবই মর্মান্তিক।
বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হোসাইন মোহাম্মদ আরাফাত বলেন, শনিবার ভোরে খবর পেয়ে বাদাঘাট ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে গিয়ে দেখতে পাই তিনটি শিশু মেঝেতে অচেতন অবস্থায় আছে। তাদের পিতাকে স্বজনরা সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেছেন স্বজনরা। তিন শিশুর লাশ তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছেন। কেন এমন ঘটনা ঘটেছে এখনো প্রকৃত কারণ জানা যায়নি।