স্টাফ রিপোর্টার::
১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর অনূর্ধ্ব-২০ প্রতিযোগিতায় ছেলে ও মেয়ে—উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে সুনামগঞ্জ সদর থানা কাবাডি দল।
জেলার বিভিন্ন থানার অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় অনূর্ধ্ব-২০ বয়সী খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে সুনামগঞ্জ সদর থানার ছেলে ও মেয়েদের দল ফাইনালে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বৃহস্পতিবার চূড়ান্ত প্রতিযোগিতা সম্পন্ন হয়।
উভয় বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় সদর থানার খেলোয়াড়, আয়োজক ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়। খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যেই কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে এ আয়োজন করা হয় বলে জানায় পুলিশ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার বি এম জাকির হোসেন।