বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য (ভিসি) ড. মো. জাকির হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
সৌজন্য সাক্ষাতে জেলা ছাত্রদলের সভাপতি মো. তারেক মিয়া ও সাধারণ সম্পাদক মো. উবায়দুল ইসলামের নেতৃত্বে সংগঠনের নেতারা অংশ নেন। তারা নবনিযুক্ত উপাচার্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেন।
এ সময় ছাত্রদল নেতারা বলেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জেলার উচ্চশিক্ষার অন্যতম সম্ভাবনাময় প্রতিষ্ঠান। এর সুষ্ঠু বিকাশে সব পক্ষকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তারা উপাচার্যের প্রতি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে নিরপেক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।
নবনিযুক্ত উপাচার্য ড. মো. জাকির হোসেন ছাত্রদলের নেতাদের শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, মানসম্মত ও গবেষণামুখী প্রতিষ্ঠানে পরিণত করতে সবার সহযোগিতা কামনা করেন। তিনি শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের প্রত্যয়ও ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎকালে জেলা ছাত্রদলের অন্যান্য নেতাদের মধ্যে হুশিয়ার, রাহুল, স্বপন, শান্তসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে উভয় পক্ষ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও ইতিবাচক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।