স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুরের মেধ্সবী ন্তান মিসকাওয়াত হোসেন রিয়ান দূরপ্রবাসে দেশের নাম উজ্জ্বল করেছেন। গত ১৭ জুলাই ২০২৬ (শুক্রবার) তিনি নিউজিল্যান্ডের হাইকোর্টে ‘ব্যারিস্টার অ্যান্ড সলিসিটর’ হিসেবে আনুষ্ঠানিকভাবে এনরোলড (তালিকাভুক্ত) হয়েছেন।
মিসকাওয়াত হোসেন রিয়ান সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের অন্তর্গত ঘাগটিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক মো: মজিবুর রহমান এবং মাতা আম্বিয়া বেগম।
তাঁর এই গৌরবময় অর্জনের পেছনে রয়েছে এক দীর্ঘ ও মেধাদীপ্ত শিক্ষাজীবন। তিনি ২০১৫ সালে বাংলাদেশের সিলেট জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে কৃতিত্বের সাথে মাধ্যমিক (SSC) এবং ২০১৭ সালে একই প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক (HSC) পাস করেন।
উচ্চশিক্ষার জন্য তিনি নিউজিল্যান্ডে পাড়ি জমান এবং দেশটির খ্যাতনামা ‘দ্য ইউনিভার্সিটি অব ওয়াইকাটো’ (The University Of Waikato) থেকে ২০২৪ সালে আইন বিষয়ে সম্মানসহ ‘ব্যাচেলর অব লজ’ (LLB) ডিগ্রি অর্জন করেন। আইন পড়ার পাশাপাশি তিনি মানব সম্পদ ব্যবস্থাপনা (Human Resource Management) বিষয়ে মাইনর সম্পন্ন করেন। পরবর্তীতে ২০২৬ সালে নিউজিল্যান্ডের শীর্ষস্থানীয় আইনি শিক্ষাপ্রতিষ্ঠান ‘দ্য কলেজ অব ল’ (The College of Law) থেকে সাফল্যের সাথে ‘বার অ্যাট ল’ বা প্রফেশনাল লিগ্যাল স্কিলস কোর্স সমাপ্ত করেন।
নিউজিল্যান্ডের সর্বোচ্চ আদালতে আইনজীবী হিসেবে স্বীকৃতি পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মিসকাওয়াত হোসেন রিয়ান মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন এবং তাঁর বাবা-মা, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ভবিষ্যতে সততা ও নিষ্ঠার সাথে আইনি পেশায় নিয়োজিত থেকে মানবসেবা এবং দেশের সুনাম অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
তাঁর এই অনন্য সাফল্যে তাহিরপুরসহ সুনামগঞ্জ জেলাজুড়ে আনন্দ ও গর্বের আবহ বিরাজ করছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাঁর শুভানুধ্যায়ীরা তাঁকে আন্তরিক অভিনন্দন ও ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেছেন।