স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাই নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি মাছুম মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১০টা ৫০ মিনিটে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের কাটারকোনা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
গ্রেপ্তার মাছুম মিয়া (৩৮) জগন্নাথপুর উপজেলার লুদরপুর গ্রামের মৃত মাসুক মিয়ার ছেলে। তিনি এ মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি।
র্যাব জানায়, বাড়ির সীমানাসহ বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের বিরোধ ছিল। গত ১৬ অক্টোবর নাজিমের ছোট বোনের বিয়ের দাওয়াত যথাযথভাবে না দেওয়ার অভিযোগে বিরোধ আরও বাড়ে। পরে বিয়ের পরবর্তী সংবর্ধনায় আমন্ত্রণ জানাতে গেলে নাজিমের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নাজিমের স্ত্রী বাদী হয়ে ২০ অক্টোবর জগন্নাথপুর থানায় হত্যা মামলা করেন। গ্রেপ্তার মাছুমকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।