স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের যাদুকাটা নদী মহাল এলাকার বাইরে থেকে বালু উত্তোলনের ঘটনায় দুজনকে দণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার লাউড়েরগড় সংলগ্ন এলাকায় যাদুকাটা নদীর তীর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় বালু উত্তোলনরত অবস্থায় মো. বাশির (৩৭) ও মো. মোসাদ্দের (৪২) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক দুজনকে প্রত্যেককে ৬০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে তাহিরপুর থানা পুলিশের সদস্যরা এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, যাদুকাটা নদীর তীর রক্ষা এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নদীর তীর কেটে বালু উত্তোলনের ফলে নদীর তীর ও আশপাশের পরিবেশের ক্ষতি রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।