স্টাফ রিপোর্টার::
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় স্থানীয় সাংবাদিক আলিফ ফকির সন্ত্রাসীদের এলোপাথারি গুলিতে খুনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুনামগঞ্জ প্রেসক্লাব। রবিবার দুপুর আড়াইটার দিকে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে সাংবাদিক ছাড়াও সুধীজন অংশ নেন। সাংবাদিক ও সুধীজন অবিলম্বে আলিফ ফকিরের খুনীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।
সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ আর জুয়েলের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক এডভোকেট খলিল রহমান, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি এডভোকেট মহসিন রেজা মানিক, এডভোকেট মাহবুবুল আলম শাহীন, এনটিভি প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী, হাওর, নদী ও পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন প্রমুখ। মানববন্ধন কর্মসূচিতে সুনামগঞ্জ প্রেসক্লাবের সদস্যসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, মাদকবিরোধী সংবাদ প্রকাশকে কেন্দ্র করে মাদকের গডফাদার ও সন্ত্রাসীরা আলিফকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। আলিফ ছিলেন একজন প্রতিবাদী ও দায়িত্বশীল সাংবাদিক। বক্তারা বলেন, আলিফ ফকির জীবিত থাকতেই বিভিন্ন ফোরামে তার জীবনের শঙ্কার কথা তুলে ধরেছিলেন। এই শঙ্কার মধ্যেই সন্ত্রাসীরা তাকে খুন করে নির্বিঘেœ পালিয়ে গেছে। তাই অবিলম্বে খুনীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। পাশাপাশি সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিও জানান বক্তারা।