স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরে অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জয় চৌধুরী ও আইনুল হক মিজান নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রতন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই দুই যুবক সুনামগঞ্জে অনলাইন জুয়া ও ক্যাসিনোর একটি চক্র পরিচালনা করে আসছিলেন। তাদের প্রলোভনে পড়ে অনেক সহজ-সরল মানুষ অনলাইন জুয়ার ফাঁদে জড়িয়ে পড়েন। এতে অনেকে সর্বস্বান্ত হয়েছেন বলে অভিযোগ রয়েছে। জুয়ার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে।
সদর থানার ওসি মোহাম্মদ রতন শেখ বলেন, ‘অভিযুক্ত দুই যুবক অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসার সঙ্গে যুক্ত। উপযুক্ত প্রমাণের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
পুলিশ জানিয়েছে, চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।