1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হওয়ায় আমাদের সম্প্রীতির সুদৃঢ় বন্ধন আবারও প্রমাণিত হয়েছে: এমপি নূরুল সুনামগঞ্জে নবমী পূজার দিনে মণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি সুনামগঞ্জে ৪৪৬ পূজামণ্ডপে ২ হাজার ৮৮২ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছে সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক ১ মধ্যনগরে হাওরে পূজাম-প পরিদর্শনে যাবার সময় সেতুতে নিম্নমানের উপকরণের ব্যবহার দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল নেত্রকোণার সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ও খুনীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

সাজা হওয়ায় সংবিধান অনুযায়ী নির্বাচন করতে পারবেন না খালেদা জিয়া: আইনমন্ত্রী

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৪.৫৩ পিএম
  • ১৭২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সাজা হওয়ায় সংবিধান অনুযায়ী বেগম খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘যেহেতু বেগম খালেদা জিয়া দুটো মামলায় দণ্ডপ্রাপ্ত, সংবিধানের ৬৬ অনুচ্ছেদ দ্বারা তিনি নির্বাচন করতে পারবেন না। তার মানে তিনি (খালেদা জিয়া) নির্বাচন করতে পারবেন না।’

তিনি আরো বলেন, ‘আবেদনের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী দুটো শর্তে তার দণ্ডাদেশ স্থগিত রেখে মানবিক কারণে মুক্তি দিয়েছেন। শর্ত দুটো হচ্ছে, তিনি ঢাকায় নিজ বাসায় থেকে দেশে চিকিৎসা নেবেন এবং বিদেশ যেতে পারবেন না। সেখানে তিনি রাজনীতি করতে পারবেন না এমন কোন শর্ত ছিল না।’

শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের জমশেরপুর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এদিকে বিএনপি’র রাজনীতি মিথ্যা ও হত্যার বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে তিনি বলেন, ‘বিএনপি যখন ৭৫ পরবর্তী সময় থেকে ক্ষমতা এসেছিল তখন থেকে হত্যার রাজনীতি শুরু করে। হত্যা ও হত্যার পর মিথ্যা বলার রাজনীতি হচ্ছে তাদের আদর্শ।’

কসবার একটি বিদ্যালয়ে পুনর্মিলনী, কসবা ও আখাউড়ায় প্রাণি সম্পদ প্রদর্শনীতে যোগ দিতে মন্ত্রী মহানগর প্রভাতী ট্রেনে করে এসে তিনি আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে নামেন। সেখানে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখেন। পরে মন্ত্রী সড়ক পথে কসবার উদ্দেশ্যে রওয়ানা হন। পথে আখাউড়ার প্রাণি সম্পদ প্রদর্শনী উদ্বোধন করেন।

আখাউড়ায় আইনমন্ত্রী বলেন, ‘আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে তারা। এসব তাদের আদর্শের মধ্যে লেখা আছে। তারা এটা ছাড়া কিছু করতে পারে না। আমরা বলতে চাই বাংলার জনগণ শেখ হাসিনার নেতৃত্বে শুধু উন্নয়ন দেখে নাই। রাজনৈতিক শান্তিও দেখেছে। এটা আমরা অব্যাহত রাখতে চাই।’

কসবায় আনিসুল হক বলেন, ‘খালেদা জিয়া দুটো দুর্নীতি মামলায় আসামি ছিলেন। সেই মামলাগুলোর একটি বিচারিক আদালতে এবং আরেকটি হাইকোর্টে আপিল শুনানি হয়েছে এবং তাকে দণ্ড দেওয়া হয়েছে। বিচারিক আদালতে পাঁচ বছরের দণ্ড দেওয়া হয়েছিল, হাইকোর্টের আপিলে সেটা বাড়িয়ে ১০ বছর করা হয়েছে। আরেকটি মামলায় বিচারিক আদালতে শুনানি শেষে তাকে সাত বছরের দণ্ড দেওয়া হয়েছে।’

খালেদা জিয়ার রাজনীতি করা না করা নিয়ে সাংবাদিকরাই ধুম্রজালের সৃষ্টি করেছেন মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়াকে তার ভাই শামীম ইস্কান্দারের আবেদনের প্রেক্ষিতে মুক্তি দেওয়া হয়েছিল। আবেদনে বলা হয়েছিল, খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তার জীবন বিপন্ন। তার সুচিকিৎসার প্রয়োজন। এই আবেদনের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী দুটো শর্তে তার দণ্ডাদেশ স্থগিত রেখে মানবিক কারণে মুক্তি দিয়েছেন।’

জমশেরপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নাছিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মো. আলী আমজাদ। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহ আলম, আইন মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারোয়ার, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, কসবা পৌরসভার মেয়র এম জি হাক্কানী প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!