স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরের প্রিয়াঙ্গন মার্কেটের সামনে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ও রেড ক্রিসেন্টের সঙ্গে যুক্ত এমদাদুল হক শাহজাহানের ওপর হামলার ঘটনায় জড়িত হাসননগরের কিশোর গ্যাংয়ের শনাক্ত ও গ্রেপ্তারে সহযোগিতা চেয়েছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার রাতে প্রিয়াঙ্গন মার্কেটের সামনে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে তাদের সম্পর্কে তথ্য দিতে পুলিশের পক্ষ থেকে বুধবার রাতে ফেইসবুকে পোস্ট দিয়ে অনুরোধ জানানো হয়েছে। পুলিশ তাদের ‘কিশোর গ্যাং’-এর সদস্য হিসেবে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করেছে।
পুলিশের দেওয়া তথ্যে হামলার ঘটনায় পূর্ব সুলতানপুরের সৈয়দ আলীর ছেলে জুনাব আলী (৫৫), তাঁর ছেলে শ্রাবণ (২১), হাছননগরের মুহিবুর রহমানের ছেলে সায়মন (২০), সদর হাসপাতালের স্টাফ কোয়ার্টারের বাসিন্দা বুরহান উদ্দিনের ছেলে হিমেলসহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জন হামলায় জড়িত বলে জানা গেছে।
তাদের অবস্থান বা পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে পুলিশের দেওয়া ০১৩২০১২০৭৯০ নম্বরে WhatsApp-এর মাধ্যমে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
আহত এমদাদুল হক শাহজাহান তার ছেলের উপর হামলার প্রতিবাদ করতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলার মুখে পড়েন। তার সারা শরির চাকু দিয়ে ক্ষত বিক্ষত করে ফেলেছে হামলাকারীরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ও ঘটনার বিস্তারিত বিষয়ে পুলিশ তদন্ত করছে ব্যবস্থা নিবে বলে জানা গেছে।