স্টাফ রিপোর্টার::
সনামগঞ্জ পৌরসভায় মুক্তিযুদ্ধ যাদুঘর ও লাইব্রেরির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম যাদুঘর ও লাইব্রেরিটি উদ্বোধন করেন। উল্লেখ্য সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের উদ্যোগে জেলায় একশটি মুক্তিযুদ্ধ যাদুঘর ও লাইব্রেরি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল। গতকাল শুক্রবার পর্যন্ত ৩২টি লাইব্রেরি চালু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র নাদের বখত, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, মুুক্তিযোদ্ধা হাজী নূরুল মোমেন, প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল, পৌর কাউন্সিলর গোলাম সাবেরীন সাবু, কাউন্সিলর ময়না চৌহান, সুবিমল চক্রবর্তী চন্দন, এডভোকেট আবুল হোসেন প্রমুখ। তাছাড়া জেলা প্রশাসকের স্ত্রী লুবনা আফরোজও উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধ যাদুঘর ও লাইব্রেরিটি এই এলাকার ভবিষ্যত ও বর্তমান প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ চর্চার এক অনন্য প্রতিষ্ঠান হিসেবে পরিণত হবে। এখানে এসে স্থানীয় মুক্তিযুদ্ধের ইতিহাস গ্রন্থ পাঠসহ মুক্তিযুদ্ধের নানা স্মৃতি ও মুক্তিযোদ্ধার ছবিসহ তাদের স্মৃতিবিজড়িত নানা জিনিষ দেখার সুযোগ পাবে প্রজন্ম। নতুন ও বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতেই এই অনন্য প্রয়াস নেওয়া হয়েছিল। ইতিহাসের স্বার্থে প্রতিষ্ঠানটি চালু রাখতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি।
পৌর মেয়র নাদের বখত বলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম সুনামগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে অনন্য উদ্যোগ বাস্তবায়ন করছেন। তার এই উদ্যোগের কারণে বর্তমান ও ভবিষ্যত প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসের সন্ধান পাবে।