স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, যুবঋণের চেক ও ক্রেস্ট বিতরণসহ নানা কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর। রবিবার সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালীটি শহর প্রদিক্ষণ করে সুনামগঞ্জ শিল্পককলা একাডেমিতে আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে ও যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষক আলমগীর কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক (রাজস্ব) তাপস চন্দ্র শীল, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মোখলেছুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তারেক, সাধারণ সম্পাদক মোহাম্মদ উবাইদুল ইসলাম, যুব মহিলা প্রতিনিধি তৃষ্ণা আক্তার রুসনা, যুব প্রতিনিধি মোহাম্মদ আলী ফুয়াদ, মোহাম্মদ আবিদুর রহমান প্রমুখ।
বক্তারা দেশের বেকার যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় উন্নয়নে তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। যুবসমাজের সৃজনশীলতা, উদ্ভাবনী শক্তি ও কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে বেকারত্ব দূরীকরণ এবং অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন বক্তারা।