স্টাফ রিপোর্টার::
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে সুনামগঞ্জেও ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু করেছে সরকার। সোমবার (১২ অক্টোবর) থেকে শুরু হওয়া এ কার্যক্রমে বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক তথ্য সংগ্রহ করা হবে। সংগৃহীত তথ্য যাচাই-বাছাই করে যোগ্য উপকারভোগী নির্বাচন করা হবে। চলতি ২০২৬-২৭ অর্থবছরে নতুন করে ৪০ লাখ নারী পরিবারপ্রধানকে ফ্যামিলি কার্ড ও ভাতা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ উপলক্ষে সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস অবহিতকরণ সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার বেলা ২টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ফ্যামিলি কার্ড কর্মসূচির দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সমাজসেবা অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয় সুনামগঞ্জ জেলা প্রশাসন।
সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মিনহাজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল, সদর উপজেলা ভূমি কর্মকর্তা আদিত্য পাল, মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক, রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই, জেলা জুলাই যোদ্ধার আহ্বায়ক হাফিজুল ইসলাম রাজু, সদর উপজেলা স্কাউট সম্পাদক বুরহান উদ্দিন, বাসস প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হক, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকেরা।
সভায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ, উপকারভোগী নির্বাচনের পদ্ধতি এবং বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।