স্টাফ রিপোর্টার::
জাতীয় পর্যায়ে বাংলা দলীয় বিতর্কে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইবতেহাজুল হক জারীফ ও তার দল। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগ (ডিইএমএল) আয়োজিত ‘৪র্থ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লিগ’-এর চূড়ান্ত পর্বে এ সাফল্য অর্জন করে দলটি। এতে জারীফের মেধা, যুক্তি উপস্থাপনের দক্ষতা ও নেতৃত্বের প্রতিভার স্ফুরণ ঘটেছে। জারীফ জুবিলী উচ্চ বিদ্যালয়ের বিতর্ক টিমের নেতা।
গত ১০ অক্টোবর ২০২৬, শনিবার, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে গোল্ড মেডেল বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, সারা দেশের পাঁচ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের এক লাখেরও বেশি শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বাংলা ও ইংরেজি বিতর্কে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছিল জারীফের দল।
দলের অন্য দুই সদস্য আব্দুর রাকিব (সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়) ও নাজমুস সালেহীন ফাইয়াজ (এইচ এম পি উচ্চ বিদ্যালয়)।
এ সাফল্যে জারীফের বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা গর্বিত। তাঁদের প্রত্যাশা, যুক্তিবাদী চিন্তা ও নেতৃত্বের দক্ষতায় জারীফ ভবিষ্যতেও সাফল্যের স্বাক্ষর রাখবে।
উল্লেখ্য দল নেতা জারীফ সুনামগঞ্জের কৃষি ব্যাংক কর্মকর্তা মো. রেজাউল হক ও প্রাথমিক শিক্ষক ইস্পা আক্তার দম্পতির বড় সন্তান। পিতা মাতা জারীফের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।