স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যাওয়ার পথে মানাই নদীতে ডুবে আব্দুল মাজেদ পিকলু নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ১০ জনের একটি দল নৌকায় করে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশে যাত্রা করে। পথে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাঁও বাজারসংলগ্ন মানাই নদীতে নৌকা থামানো হয়। দলের কয়েকজন বাজারে প্রয়োজনীয় জিনিস কিনতে গেলে অন্যরা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে পিকলু নদীতে লাফ দিয়ে নিখোঁজ হন। প্রায় তিন ঘণ্টা পর স্থানীয়দের সহায়তায় দুপুর ১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। পিকলু রাজশাহীর মোহনপুর সরকারি ডিগ্রি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পুলিশ মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে বলে জানান তাহিরপুর থানার ওসি ফারুক আহমদ।