স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে গোয়েন্দা পুলিশের অভিযানে ৩ হাজার ৭০৮ কেজি ভারতীয় ফুচকা জব্দ করেছে। বুধবার সকালে তাহিরপুর উপজেলার গোলহাটি এলাকা থেকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।
সুনামগঞ্জ ডিবি পুলিশ সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গোলহাটি এলাকার শাহাদাত মিয়ার বসতঘরের দক্ষিণের কক্ষে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ভারত থেকে নিয়ে আসা ৩ হাজার ৭০৮ কেজি ভারতীয় ফুচকা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১৩ লক্ষ টাকা।
অভিযানে নেতৃত্বদানকারী পুলিশের এসআই সাব্বির আহমদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় ফুচকার চালান জব্দ করা হয়েছে।
তবে অভিযানের খবর পেয়ে পালিয়ে গেছে চোরাকারবারিরা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।