ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলায় ঘরের ভেতরের বৈদ্যুতিক পাকার ছিঁড়ে যাওয়া তার জুড়া দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে বাচ্চু মিয়া (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চৌকিয়াচাপুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত কৃষক বাচ্চু মিয়া ওই গ্রামের মৃত শামছুদ্দিনের ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার চৌকিয়াচাপুর গ্রামের কৃষক বাচ্চু মিয়ার বসত ঘরের ভেতরে থাকা বৈদ্যুতিক পাকার সংযোগ লাইনের একটি তার বুধবার সকালে ছিঁড়ে গেলে ওইদিন বিকেলেই ছিঁড়ে যাওয়া ওই তারটি তিনি নিজেই জুড়া দেওয়ার চেষ্টা করতে থাকেন।
এক পর্যায়ে বিদ্যুৎস্পর্শ হয়ে তিনি মাটিতে লুটে পড়েন। পরে বাড়ির লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে দ্রুত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাচ্চু মিয়াকে মৃত ঘোষণা করেন।