1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে যুব দিবস উদযাপিত জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগের: গ্রামীণ ক্রিকেটের এক উৎসবমুখর আয়োজন সুনামগঞ্জে পুশ-ইন এবং মানব পাচার প্রতিরোধে বিজিবির সচেতনতামূলক সভা

হাওরবাসীর লালিত স্বপ্নের অন্যনাম এমএ মান্নান ।। শামস শামীম

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৯, ৭.৪৫ এএম
  • ৬৩০ বার পড়া হয়েছে

জাতীয় উন্নয়নের দরোজা হলো সরকারের পরিকল্পনা কমিশন। দেশের সার্বিক উন্নয়ন, অবকাঠামো বাস্তবায়নের প্রধান সোপানও বলা যায়। এখান থেকেই প্রকল্প পাস করিয়ে একনেকে অনুমোদনের পর বাস্তবায়দের দিকে যায়। গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের কর্ণধার হয়েছেন আমাদের হাওর-ভাটির অহঙ্কার, অদম্য মনের নির্লোভ মানুষ, সজ্জন রাজনীতিবিদ এমএ মান্নান। আমরা আশাবাদী সম্পদ, সম্ভাবনা, প্রাকৃতিক ভিন্ন বৈশিষ্ট ও বৈচিত্রের এই অঞ্চল এবার জাতীয় উন্নয়নের সমতায় উপনীত হবে।
জাতীয় নেতা এমএ মান্নানও জাতীয় ফোরাম, স্থানীয় সভা-সমাবেশে বক্তব্য বিবৃতিতে আমাদের আঞ্চলিক উন্নয়নের বাস্তবায়নের স্বপ্ন দেখাচ্ছেন। ‘গ্রামের মানুষ, কৃষকের সন্তান’ এমএ মাান্নান আমাদের উন্নয়নের প্রধান সারথীই নয় আমাদের আশা ভরসার প্রতীকে নিজেকে আসীন করেছেন। শিকড় আকড়ে ধরা এই মানুষের কণ্ঠে বারবারই আমরা শিকড়ের গান শুনছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ৩২ বছর আগে এমএ মান্নানকে কথা দিয়েছিলেন তাকে মন্ত্রী করবেন। সেই কথা রেখেছেন জাতির জনকের কন্যা। দায়িত্ব দিয়েছেন দেশগঠনের প্রধান কেন্দ্র পরিকল্পনামন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে। শেখ হাসিনার আস্থাভাজন ও বিশ্বস্থ হিসেবে কোন তদবির ছাড়াই গুরু দায়িত্ব পেয়েছেন আমাদের সজ্জন কর্মবীর এ জাতীয় নেতা। এজন্য সততার সঙ্গে নেতৃত্বগুণ ও কর্মদক্ষতাও অন্যতম শক্তি বিবেচনা করা হয়েছে বলে আমরা মনে করি।
একাদশ জাতীয় নির্বাচনের আগে সভা-সমাবেশে এবং নির্বাচন শেষে জাতীয় ও স্থানীয় সভা সমাবেশে হাওরাঞ্চলের মাইলফলক কয়েকটি উন্নয়ন প্রসঙ্গে বারবার কথা বলেছেন মন্ত্রী। তিনি তার স্বপ্ন ও পরিকল্পনার কথা ভুলে যাননি। বা প্রচলিত অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বের মতো কেবল প্রতিশ্রুতিই দেননি। মনের জোরে বাস্তবায়নের জন্যই এসব কথা বলেছেন নির্বাচন পরবর্তী গুরু দায়িত্ব পাবার পর সেটা আরো ষ্পষ্ট করেছেন। হাওরে সড়ক, রেল, শিক্ষা, বিজ্ঞান, বিদ্যুৎ, প্রযুক্তি, স্বাস্থ্য ও কৃষির উন্নয়নে পরিকল্পিত উন্নয়নেরও গুচানো স্বপ্নের বর্ণণা দিচ্ছেন তিনি। বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর তার পরিকল্পিত বক্তব্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামনে নিয়ে এসেছেন। সম্প্রতি জেলায় কয়েকটি সংবর্ধনাসভায় সেই বক্তব্যের পুনরাবৃত্তি জোড় দিয়ে বলেছেন। এসব স্বপ্ন বাস্তবায়নের অঙ্গিকার-আশাবাদী করছে আমাদের। হাওরবাসী চেয়ে আছেন এমএ মান্নানের হাত ধরে জাতীয় উন্নয়ন নীতিতে সমতায় ফিরবে সম্পদ-সম্ভাবনা-বৈচিত্রে ভরপুর হাওর।
এমএ মান্নান সবসময় নিজেকে ‘গ্রামের মানুষ, কৃষকের সন্তান’ ভাবেন। শিকড় আকড়ে ধরা এই মহান মানুষ এখন কেন্দ্রের প্রভাববিস্তারকারী ব্যক্তিত্ব। তার বক্তব্য-বিবৃতিতে নিয়তই সেটা লক্ষ্যণীয়। মাটিমূল আম-মানুষের ভাগ্যোন্নয়ন ও পরিবর্তনের ধ্বনী-প্রতিধ্বনী শোনা যাচ্ছে তার কণ্ঠে। আধুনিকতা, মননশীলতা, প্রগতিশীলতা, উন্নত রূচি, স্থানীয় উন্নয়ন বিষয়ে বিশেষ পড়াশোনার কারণে আলাদা নজর কেড়েছেন দেশ-বিদেশের বোদ্ধা মহলের। কল্পনা বিলাসিতা নয় বাস্তবস্বপ্ন (?) সংক্রমিত করতে চান তরুণ প্রজন্মকে। সবসময় তরুণদের কল্পনা বিলাসিতা, কর্মহীনতা ছেড়ে কর্ম করে ভাগ্য পরিবর্তন তথা দেশের উন্নতির শিক্ষা দিচ্ছেন বক্তব্য বিবৃতিতে। পরিণত যৌবনের একজন তরুণ হিসেবে তার এমন বক্তব্যকে আমি পাথেয় ও অনুপ্রেরণা মনে করি।
গত দুইদিন ধরে সুনামগঞ্জে পরিকল্পনা মন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। প্রাথমিক শিক্ষা বিভাগ আয়োজিত তার নিজ এলাকার প্রথম সংবর্ধনায়ই তিনি সবাইকে সংবর্ধনার নামে বাহুল্য বর্জনের নির্দেশনা দিয়েছিলেন। তাই প্রতিটি সংবর্ধনাই মানুষের বিরক্তির উদ্রেক করেনি। মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলেনি। যে কারণে মানুষও তার প্রতি খুশি।
সংবর্ধনাসভাগুলোতে তিনি সুনামগঞ্জ জেলার মাইল ফলক কয়েকটি উন্নয়নযজ্ঞ এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। এই যাত্রায়ও তিনি সঙ্গী করতে চেয়েছেন সুনামগঞ্জ তথা হাওরবাসীর প্রতি ‘পরীক্ষিত দরদী নেত্রী’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এমএ মান্নানের সঙ্গে দেখা হলেই জাতির জনকের সুযোগ্য কন্যা শেখ হাসিনা, হাওরের মানুষের শ্রমঘামে লাগানো সোনার ফসলের খবর জানতে চান। আকাশে মেঘ গুরুম গুরুম শব্দ করলে আকাশের অবস্থা কেমন, শিলাবৃষ্টি হয়েছে কি না, কৃষকের ফসল উৎপাদনে পর্যাপ্ত সার, বীজ সরবরাহ হয়েছে কি না জানতে চান-হারওবাসীর প্রতি তার স্বাভাবিক দরদের কারণেই। নেত্রী তাড়া দেন হাওরের উন্নয়নে নিয়মিত প্রকল্প নিয়ে যাওয়ার জন্য। শেখ হাসিনার বিশ্বস্থ সহকর্মী হিসেবে এমএ মান্নানের এসব কথা আমরা মনেপ্রাণে বিশ্বাস করি। নিকটঅতীতে আমরা দেখেছিও হাওরবাসীর প্রতি শেখ হাসিনার মমত্ববোধ ও অকৃতিম বন্ধুতার উদাহরণ। ২০১৭ সালে হাওর দুর্যোগে নিজে এসে সহায়তা দিয়ে পুরো বছরের জন্য হাওরের কৃষকের দায়িত্ব নিয়েছিলেন। তার দায়িত্ব তিনি পালন করে আমাদের আরো আশাবাদী করেছেন। ২০১০ সালে তাহিরপুরে কৃষক সমাবেশে বলে গিয়েছিলেন ‘আমি বিলঝিল বাওড় এলাকার মানুষ। আপনারা হাওরের। প্রাকৃতিকভাবে আমাদের মিল রয়েছে। আমার গোপালগঞ্জের উন্নয়ন হলে আপনাদের সুনামগঞ্জেরও উন্নয়ন হবে’। জননেত্রী শেখ হাসিনার হাওরবাসীকে দেওয়া এই প্রতিশ্রুতি নিশ্চয় মনে রেখেছেন বলে আমরা মনে করি। এই প্রতিশ্রুতি পূরণের জন্য তিনি তার মন্ত্রীসভায় সঙ্গী করেছেন আমাদের সজ্জন ও নির্লোভ নেতা এমএ মান্নানকে। তাই এমএ মান্নানও যোগ্য কর্মী হিসেবে হাওরবাসীর প্রতি প্রিয় নেত্রীর দরদ ও ভালোবাসার কারণে এখানকার সমূহ উন্নয়নে সঙ্গী করতে চান বিশ্বনেতা শেখ হাসিনাকে। মনের এই সংযোগ ও উন্নয়নের মেলবন্ধনে আমরা আশাবাদী অর্থনৈতিক ন্যায্যতা ও উন্নয়ন সমতায় এবার জাতীয়ভাবে নিজের আসনটি ফিরে পাবে হাওর।
একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে অন্যতম অনুষঙ্গ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যোগাযোগ। কিন্তু প্রাকৃতিকভাবে ভিন্ন বৈশিষ্টের কারণে হাওর জাতীয় উন্নয়ন-অগ্রযাত্রা থেকে বহুদিন ধরে সমতার প্রশ্নে পিছিয়ে আছে। বৈষম্যও মোটাদাগে লক্ষ্যণীয়। এবার বৈষম্য দূরই নয় আমরা নিজেদের আসনটি ফিরে পাব বলে আশা জাগিয়েছে আমাদেরকে জননেত্রী শেখ হাসিনা তার মন্ত্রীসভায় পরিকল্পনা মন্ত্রণালয়ের মতো উন্নয়নের মূল দরোজা খ্যাত মন্ত্রণালয়ে আমাদের যোগ্য নেতা এমএ মান্নানকে স্থান দেওয়ায়।
ছাতক-সুনামগঞ্জ রেললাইন সম্প্রসারণ শিগগিরই শুরু হবে এমন কথা জোর দিয়ে বলেছেন মন্ত্রী। তারপর জাতীয় উন্নয়নে যুক্ত করতে এই রেললাইনও মোহনগঞ্জে নিয়ে যাওয়া হবে। এটা সময় সাপেক্ষ হলেও তিনি জোর দিয়ে বলেছেন ‘সুনামগঞ্জ হয়ে শিগগির রেললাইন পশ্চিমের মোহনগঞ্জে যাবে’। রেলের সঙ্গে সড়কও যাবে ময়মনসিংহে। এই দুটি প্রকল্প বাস্তবায়ন হলে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন সাধিত হবে। সারা বাংলাদেশই সুনামগঞ্জের সঙ্গে যোগাযোগ নেটওয়ার্কের আওতায় আসবে। তিনি এও বলেছেন এই দুটো প্রকল্পেও শেখ হাসিনার দৃষ্টিতে আছে। বিশেষ করে দুর্গম হাওর উপজেলা ধর্মপাশায় বিশাল হাওরের ভেতর দিয়ে মহাসড়ক নির্মাণ কেবল ব্যয়বহুলই নয় প্রাকৃতিক বৈরিতার বিবেচনায় কঠিনও বটে। প্রধানমন্ত্রী বলেছেন, পদ্মাসেতুর মতো লম্বা ‘পুল বানাও, পুল বানাও’। প্রধানমন্ত্রী ধর্মপাশায় পদ্মাসেতুর মতো পাচ কিলোমিটার উড়াল সড়কেরও মৌখিক অনুমোদন দিয়েছেন। আরেকটি খুশির খবরেরও ইঙ্গিত দিয়েছেন শাহাজালাল বিশ্ববিদ্যালয়ের চেয়েও উন্নতর ও অগ্রবর্তী ‘বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ হবে হাওরে। এরচেয়ে এই মুহুর্তে সবচেয়ে বড় খুশির খবর আমাদের জন্য আর কোনটি হতে পারেনা। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমাদেরকে সমূহ কুপমণ্ডুকতা থেকে দূরে রেখে আলোর পথের উন্নত ও প্রগতিশীল জাতিতে রূপান্তরিত করবে। হাওরের শিকড় ধারণ করে আমাদের প্রজন্ম হবে বিশ্বনাগরিক।
সরকারের একজন গুরু দায়িত্বশীল ব্যক্তির এই সুদূরপ্রসারী বক্তব্য আমাদের স্বপ্নকে কেবল উস্কেই দেয়নি আনন্দযজ্ঞে ভাসিয়ে দিয়েছে। বুকের ভেতর বাস্তবায়নের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। দ্বিতীয় পদ্মাসেতুর মতো ধর্মপাশায় ৫ কিলোমিটার উড়াল সড়ক হাওরকে জাতীয় উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য, আন্তরাষ্ট্রিক যোগাযোগে নতুন উচ্চতায় অধীষ্টিত করবে বলে আমরা বিশ্বাস করি। দৃষ্টিনন্দন এই দীঘল উড়াল সেতু আমাদের নতুন দিনের কাছে নিয়ে যাবে। আমাদের প্রজন্মকেও উন্নয়নের মূলস্রোতে সঙ্গী করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে গত সরকারের প্রতিমন্ত্রী অবস্থায়ই এমএ মান্না হাওরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মৌখিক অনুমতি আদায় করে নিয়েছিলেন। এটা এই সরকারের সময়েই বাস্তবায়ন হবে এমন ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী এমএ মান্নান। মাননীয় মন্ত্রী আপনার মাধ্যমেই আমাদের মোটাদাগের সকল স্বপ্ন পূরণ হোক। আমরা আর অবহেলিত নয়-উচ্চকণ্ঠে বলতে চাই আমরা উন্নয়ন অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশের উন্নত, আধুনিক, বিজ্ঞানমনষ্ক একজন সুনাগরিক।
আপনার জন্য অনন্ত অফুরান শুভেচ্ছা। আপনার মঙ্গল হোক।
লেখক: সাংবাদিক দৈনিক কালের কণ্ঠ ও একাত্তর টিভি। সম্পাদক হাওরটুয়েন্টিফোরডটনেট। প্রধান বার্তা সম্পাদক দৈনিক সুনামকণ্ঠ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!