আশিস রহমান :
দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলার বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব হাজী আফসার উদ্দিন ভূঁইয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গত ২৬ আগস্ট রবিবার আফসার উদ্দিন ভূঁইয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেট হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা ৭টায় দোয়ারাবাজারের নৈনগাওঁয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র এবং ৫ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। এদিকে তার মৃত্যুর খবর পেয়ে সমবেদনা জানাতে তাৎক্ষণিক ভাবে সুরমা ইউনিয়নের টেংরাটিলাস্থ তার নিজ বাড়িতে ছুটে আসেন এলাকায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গসহ পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীরা।
পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম হাজী আফসার উদ্দিন ভূঁইয়ার একমাত্র ছেলে দোয়ারাবাজার ডিগ্রী কলেজের প্রভাষক শের মাহমুদ ভূঁইয়া দেশের বাইরে অবস্থান করায় মরহুমের নামাজের জানাযার সময় একদিন পিছিয়ে নির্ধারণ করা হয়েছে।মরহুমের নামাজের জানাযা আগামীকাল (২৮ আগস্ট) মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় টেংরা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন তার পরিবার।
উল্লেখ্য, হাজী আফসার উদ্দিন ভূঁইয়া একজন আলোকিত মানুষ ছিলেন। এলাকায় শিক্ষার প্রসারে তার অবদান অনস্বীকার্য। টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা প্রাক্তন প্রধান শিক্ষক ছিলেন তিনি। এই প্রতিষ্ঠানে তিনি একাধারে ৩৩ বছর শিক্ষকতা করেছেন। টেংরা জুনিয়র হাইস্কুলেরও প্রতিষ্ঠাতা প্রাক্তন প্রধান শিক্ষক ছিলেন তিনি। এলাকার প্রায় কয়েক সহস্রাধিক শিক্ষার্থীর হাতেখড়ি তার মাধ্যমে। যেকারণে প্রবীণ শিক্ষক মরহুম হাজী আফসার উদ্দিন ভূঁইয়া এলাকাব্যাপী ‘বড় স্যার’ নামে সমধিক পরিচিত ছিলেন। শুধু শিক্ষা ক্ষেত্রেই নয়, এলাকার সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় উন্নয়নেও তিনি প্রত্যক্ষ/পরোক্ষভাবে অবদান রেখেছেন। ব্যক্তিগত জীবনে মরহুম হাজী আফসার উদ্দিন ভূঁইয়া সহজ সরল জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। তার ৬ সন্তানের সবাই উচ্চ শিক্ষিত এবং নিজ নিজ কর্মক্ষেত্রে সবাই সুপ্রতিষ্ঠিত।