দেশের সকল শিশুর নিরাপদ ও আনন্দময় পরিবেশে শিক্ষা গ্রহণের অধিকার এক সাংবিধানিক নাগরিক অধিকার। ‘একই পদ্ধতির গণমুখী ও সার্বজনীন শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এবং আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত বালক-বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের জন্য এবং সমাজের প্রয়োজনের সাথে শিক্ষাকে সঙ্গতিপূর্ণ করারা জন্য এবং সেই প্রয়োজন সিদ্ধ করবার উদ্দেশ্যে যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত ও সদিচ্ছাপ্রণোদিত নাগরিক সৃষ্টির জন্য ও আইনের দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে নিরক্ষরতা দূর করার জন্য জনকার্যকর ব্যবস্থা গ্রহণ করতে রাষ্ট্র সাংবিধানিকভাবে অঙ্গীকারাবদ্ধ’। জাতীয় শিক্ষানীতিও (২০১০) দেশের সকলের জন্য শিক্ষার সমান অধিকারের অঙ্গীকার করেছে।
সংবিধান ও শিক্ষানীতির অঙ্গীকার থাকলেও এখনো দেশের বহু শিশু শিক্ষা অধিকার বঞ্চিত। দেশে বহু বিদ্যালয় এখনো কাঠামোগতভাবে খুবই দুর্বল এবং সংস্কারহীন অবস্থায় শ্রেণিকাজ চালায় বহু বিদ্যালয়। রাজধানী ঢাকার বুকে এমন এক অবহেলিত বিদ্যালয় রয়েছে। নগরের দরিদ্র ও নি¤œআয়ের মানুষদের জন্য সরকার ‘ভাষানটেক পুনর্বাসন প্রকল্প’ চালু করে। উক্ত প্রকল্পে নি¤œআয়ের মানুষদের জন্য আবাসন সুবিধা নিশ্চিত করলেও শিক্ষার অধিকার নিশ্চিত হয়নি এখনো।
মিরপুর ১৫ নাম্বারে ভাষানটেকে গড়ে ওঠা ‘ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের’ আওতায় ২০১০ সালে ‘বিআরপি প্রাথমিক বিদ্যালয়টি’ প্রতিষ্ঠা করে ভূমি মন্ত্রণালয়। প্রকল্পের ভেতর আবাসন ছাড়াও থানা, মসজিদ ও মন্দির, সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ, খেলার মাঠ, মাদ্রাসা আছে। কিন্তু যে প্রাথমিক বিদ্যালয়টি করা হয়েছিল সেটি এখনো সরকারীকরণ হয়নি এবং অবহেলিত অবস্থায় আছে।
২০১৯ সালেও করোনা মহামারীর আগে এই বিদ্যালয়ে প্রায় ৪০০ জন ছাত্র-ছাত্রী ভর্তি ছিল। কিন্তু বিদ্যালয়ের শোচনীয় ভঙ্গুর কাঠামো এবং জরাজীর্ণ অবস্থা শিশুদের এই বিদ্যালয়ে ভর্তি হতে অনুৎসাহিত করে। এখনো পর্যন্ত শিক্ষার্থীদের বেতনের অংশ দিয়ে এই বিদ্যালয়ের শিক্ষকদের সামান্য সম্মানী দেয়া হয়। বর্তমানে প্রায় ১০০ জন শিক্ষার্থী এখানে পড়ালেখা করছে। প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এই বিদ্যালয়ে বর্তমানে মোট ১১ জন শিক্ষক আছেন। শিক্ষকদের সবাই উচ্চ শিক্ষায় শিক্ষিত, মাস্টার্স পাশ এবং বিদ্যালয়ের পাঠদানের অভিজ্ঞতাসম্পন্ন।
দীর্ঘদিন সংস্কারের অভাবে প্রকল্প এলাকার একমাত্র এই প্রাথমিক বিদ্যালয়টি জরাজীর্ণ হয়ে পড়েছে। ছাদের ফাটল দিয়ে বৃষ্টির পানি পড়ে দেয়াল গুলো নষ্ট হয়ে যাচ্ছে। বৃষ্টিরদিনে শ্রেণিকক্ষ গুলো পানিতে ভিজে স্যাঁতস্যাঁতে ও কাদাময় হয়ে যায়। শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা উপকরণের অভাব রয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের বেতন থেকে স্কুলের চারদিকে একটি অস্থায়ী বাউন্ডারী দেয়াল দিয়েছিলেন। কিন্তু নিরাপত্তার অভাবে বাাউন্ডারী রক্ষা করা যায়নি।
বিদ্যালয়ের একমাত্র শহীদ মিনারটি ঝড়ের সময় গাছ পড়ে ভেঙে যায় এবং এখনো এটি ভাঙা ও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। কিন্তু এই ভাঙা শহীদ মিনারেই প্রতিদিন প্রভাতি সেশন হয় এবং জাতীয় দিবস গুলোতে শ্রদ্ধা জ্ঞাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। বিদ্যালয়টিতে শিশুদের পানীয় জলের কেনো ব্যবস্থা নেই এবং শৌচাগারের অভাব রয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের অধীনে গৃহীত নি¤œবিত্তদের এই প্রকল্পে প্রায় ৬০০০ লোকের বসবাস। বিদ্যালয়টির সামনে এক সুবিশাল মাঠ রয়েছে যা ঢাকা শহরে অত্যন্ত বিরল। বিদ্যালয়ের পাশেই একটি অত্যাধুনিক সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং ১০০ গজের ভেতর একটি সরকারি কলেজও রয়েছে। ঢাকা শহরে অবস্থিত একটি বিদ্যালয়ের এমন করুণ দশা শিশু শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে ব্যহত করছে। বরং পরিকল্পিতভাবে একে এক আধুনিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব।
শিশু, অভিভাবক, শিক্ষক এবং এলাকাবাসীর দাবি দ্রুত এই বিদ্যালয়টিকে সংস্কার ও উন্নয়ন করে সরকারিকরণ করা হয়। শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকাবাসীর সমন্বয়ে সকলের পরিশ্রম, মেধা ও সৃজনশীল কার্যক্রম দিয়ে উক্ত বিদ্যালয়টিকে ঢাকা তথা দেশের এক গুরুত্বপূর্ণ প্রাথমিক বিদ্যালয়ে রূপান্তরিত করা সম্ভব।
(মোছা: শারমীন আক্তার, তাছলিমা আক্তার কলি, টুম্পা রানী নাহা, শিউলী খানম,
কবিতা আক্তার, তাসমিন সুলতানা, হোসনে জাঁহা আজমেরী এবং ললিতা আক্তার। লেখকগণ ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। বিআরপি, ভাষানটেক পুনবার্সন প্রকল্প, ধামালকোট, ঢাকা-১২০৬)