স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মিছাখালী নদীর ওপর নির্মিত রাবারড্যামের নিচ দিয়ে চুরির বালু-পাথরবোঝাই নৌকা চলাচল করায় গুরুত্বপূর্ণ এ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে আগামী বোরো মৌসুমে আঙ্গারুলি ও পুটিয়ার হাওরের প্রায় ৭ হাজার হেক্টর জমির ফসল ঝুঁকিতে পড়তে পারে। বিরাট ক্ষতি হতে পারে রাবার ড্যামটির।
স্থানীয়দের অভিযোগ, সময় ও জ্বালানি সাশ্রয়ে একটি অসাধু বালু-পাথর ব্যবসায়ী চক্র তাহিরপুরের জাদুকাটা নদীর পরিবর্তে মিছাখালী নদীপথ ব্যবহার করছে। নৌকার ইঞ্জিনের পাখার আঘাতে রাবার কেটে যাওয়ার আশঙ্কা রয়েছে। দুই বছর আগে ড্যামটি মেরামতে প্রায় চার লাখ টাকা ব্যয় হয়েছিল।
প্রায় ৩৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত দেশের দ্বিতীয় বৃহত্তম হিসেবে পরিচিত এ রাবারড্যামটি অর্ধলক্ষাধিক মানুষের জীবন-জীবিকা ও হাওরের ফসল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নৌকা চলাচল বন্ধে স্থাপিত অ্যাঙ্গেল ভেঙে ফেলার অভিযোগও করেছেন এলাকাবাসী।
পরিচালনা কমিটি রক্ষণাবেক্ষণে সরকারি উদ্যোগের ঘাটতির অভিযোগ তুললেও বিএডিসি বলছে, সংস্কারের প্রাক্কলন পাঠানো হয়েছে। তবে প্রকল্প বন্ধ থাকায় বরাদ্দ পাওয়া সাপেক্ষে কাজ করা সম্ভব হবে। সংস্থাটির দাবি, ড্যামের নিরাপত্তা নিশ্চিত করতে পরিচালনা কমিটি ও স্থানীয় প্রশাসনকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এলাকাবাসীর দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে নৌকা চলাচল বন্ধ এবং রাবারড্যামের নিরাপত্তা নিশ্চিত করা হোক।