বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুরে ঘোষণা দিয়ে একটি গ্রামের একটি গোষ্ঠীর উপর হামলা করেছে চারগ্রামের লোকজন। এতে গুরুতর আহত হয়েছে চারজন। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে তাহিরপুর উপজেলা সদরে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুইদিন আগে মধ্যতাহিরপুর গ্রামের একটি অটোরিক্সার উপর ক্রিকেটবল পড়ে গ্লাস ভেঙ্গে যায়। এ নিয়ে বীরনগর গ্রামের সঙ্গে মধ্য তাহিরপুর ময়মনসিং হাটির লোকদের সঙ্গে বিত-া দেখা দেয়। এর জের ধরে বুধবার সকালে বীরনগর, জয়নগর, ধুতমা ও লক্ষীপুর গ্রামের লোকজন গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মধ্যতাহিরপুর ময়মনসিংহ হাটিতে আক্রমণের ঘোষণা দেন। ঘোষণার পরই পুলিশ ও আইন শঙ্খলা বাহিনী ঘোষণকারী গ্রামের নেতৃস্থানীয়দের সঙ্গে কথা বলে বিষয়টি থামানোর নির্দেশনা দেন। পুলিশও ঘোষণার পর গ্রামে এসে অবস্থান নেয়। কিন্তু বেলা ১২টার দিকে চারটি গ্রামের হাজারো উত্তেজিত জনতা দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে মধ্যতাহিরপুর গ্রামের দিকে ছুটে আসে। তারা ময়মনসিংহ হাটির সিরাজ মিয়া, জুয়েল মিয়া, রহিম উদ্দিনসহ ৫টি বাড়িতে আগুন দেয়। এসময় বীরনগর গ্রামের মঈনুদ্দিন, আশিস মিয়া, রেজাউল ও খোন মিয়া আহত হন। তাদেরকে ওসমানীতে হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে এখনো এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
তাহিরপুর থানার ওসি ফারুক আহমদ বলেন, তুচ্চ বিষয় নিয়ে চারটি গ্রামের লোকজন মাইকে ঘোষণা দিয়ে আরেকটি গ্রামে এসে হামলা করেছে। আমরা তাদের ঘোষণার পরই গ্রামটিতে অবস্থান করায় তারা বেশি কিছু করতে পারেনি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।