স্টাফ রিপোর্টার::
পবিত্র জুমার নামাজের সময় এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদী তীরের লাউড়েরগড়ে। এক বালু পাথর ব্যবসায়ী প্রতিষ্ঠানে ঢুকে নগদ ৫ লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছে ওই অজ্ঞাত পরিচয় চোর। আজ শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় এই চুরির ঘটনাটি ঘটে। সিসিটিভি ক্যামেরায় চুরির পুরো ঘটনা ধরা পড়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী কামাল হোসেন একজন সুপরিচিত বালু ও পাথর ব্যবসায়ী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৭ আগস্ট শুক্রবার দুপুরে যখন চারদিকে জুমার নামাজের আজান পড়ে এবং সবাই মসজিদে চলে যান, ঠিক সেই নির্জনতার সুযোগ নেয় চোর চক্রের এক সদস্য। ব্যবসায়ী কামাল প্রতিদিনের মতো তার অফিস কক্ষটি রেখে নামাজে যান। এই সুযোগে চোরটি অত্যন্ত চতুরতার সাথে অফিসে প্রবেশ করে। সিন্দুক বা ড্রয়ার ভেঙে সেখানে রাখা ব্যবসার জরুরি ৫ লক্ষ টাকা লুটে নেয় সে। নামাজ শেষে ব্যবসায়ী অফিসে ফিরে চুরির বিষয়টি টের পান।
সিসিটিভি ক্যামেরায় চোরের সম্পূর্ণ কর্মকাণ্ডের ভিডিও ফুটেজ রেকর্ড হয়েছে। পরে সেই ফুটেজ তিনি প্রশাসন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচাররকরেছেন। ফুটেজে এক যুবককে সন্দেহজনকভাবে অফিসে প্রবেশ করতে এবং টাকা নিয়ে দ্রুত বেরিয়ে যেতে দেখা গেছে। বর্তমানে সেই ভিডিও ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং অপরাধীকে শনাক্ত করার চেষ্টা চলছে।
ভুক্তভোগী ব্যবসায়ী কামাল বলের, যদি কোনো সহৃদয় ব্যক্তি সিসিটিভি ফুটেজে থাকা এই লোকটির সন্ধান পান বা তাকে চিনতে পারেন, তবে অবিলম্বে তাকে ধরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।