স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও নবনির্মিত হলরুমের আনুষ্ঠানিক উদ্বোধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে শহরের মল্লিকপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ভবনের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল। ভবন উদ্বোধন শেষে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ সুলতানা জেরিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুল। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আকবর আলী, এড. শেরেনুর আলী, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম এবং পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সুহেল মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, শাহজাহান মিয়া এবং আজিজুর রহমান সৌরভ, আনোয়ার আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুল বলেন, সরকার গঠনের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ, খাল খনন কর্মসূচী ও ব্যাপক অবকাঠামো উন্নয়ন শুরু হয়েছে। তৃণমূলের সাধারণ মানুষ ইতিমধ্যেই এর সুফল পেতে শুরু করেছেন। তিনি আরও বলেন, সুনামগঞ্জ পৌরসভার আধুনিক ড্রেনেজ ব্যবস্থার কাজ শুরু করার মাধ্যমে খুব দ্রুতই শহরের জলাবদ্ধতা নিরসন করা হবে। নির্বাচনী এলাকা সদর ও বিশ্বম্ভরপুরের প্রতিটি ধর্ম ও বর্ণের মানুষের সহাবস্থান নিশ্চিত করার পাশাপাশি কৃষক, শ্রমিক ও দিনমজুরসহ সব স্তরের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং বাসস্থানের সুযোগ সৃষ্টি করাই এই সরকারের লক্ষ্য। একজন জনপ্রতিনিধি হিসেবে এলাকার সার্বিক উন্নয়নে তিনি দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।