স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের সীমান্তবর্তী ডলুড়া এলাকায় এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে প্রায় ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, স্যুট কাপড় ও লেহেঙ্গা উদ্ধার করেছে সুনামগঞ্জ সদর থানা পুলিশ। এ সময় ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে সদর থানা পুলিশের ফেইসবুক আইডি থেকে অভিযানের সিজার লিস্ট প্রকাশ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বালিকান্দি সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশ। অভিযানকালে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা মালামাল জড়ো রাখা অবস্থায় উদ্ধার করে পুলিশ। এসব রোচাই মালামালের আনুমানিক ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ৬১৮ পিস কাতান শাড়ি, ১০ থান স্যুট কাপড় এবং ২টি লেহেঙ্গা। এ ঘটনায় মো. জাকির হোসেন (৫০), আব্দুল মান্নান (৫৫), মো. মামুন মিয়া। তারা বালিকান্দি গ্রামের বাসিন্দা।
সুনামগঞ্জ সদর থানার ওসি মো. রতন শেখ বলেন, আটক তিনজনের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চোরাচালানসহ সব ধরনের অপরাধ প্রবণতার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।