স্টাফ রিপোর্টার::
মহান মুজিববর্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা শেখ হাসিনার উপহার হিসেবে জমিসহ পাকা ঘর পাচ্ছে। সারাদেশের ন্যায়ং সুনামগঞ্জেও ৩ হাজার ৯০৮জন হতদরিদ্র এই উপহার পাচ্ছে। এর মধ্যে আগামীকাল শনিবার ৪০৭টি পরিবার ঘর পাচ্ছে। এই ঘরেই কাল থেকে ওঠবে গৃহহীন মানুষজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমেই কাল ঘরের চাবি তুলে দিবেন সুবিধভোগীদের হাতে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন এবং ভূমি মন্ত্রণালয়ের সিভিআরপি প্রকল্পের আওতায় জেলার ১১ উপজেলার স্ব স্ব উপজেলা প্রশাসন প্রায় ৬৬ কোটি টাকা ব্যয়ে ঘরগুলো নির্মাণ করেছে। এক লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে ২ শতক জমিতে দুটি শোবারঘর, একটি রান্নাঘর, একটি বাথরুম এবং প্রতিঘরেই ছোট বারান্দা রয়েছে। দৃষ্টিনন্দন এই নতুন ঘরগুলো অনেক গ্রামকে ইতিমধ্যে আলোকিত করেছে। প্রত্যেকটি ঘরে পল্লী বিদ্যুৎ বা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যুৎ লাইন থেকে বিদ্যুৎ সংযোগও দেওয়া হচ্ছে। যেখানে বিদ্যুৎ দিতে সমস্যা হচ্ছে, সেখানে সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে।
সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা জানালেন, সুনামগঞ্জ সদর উপজেলায় ১৫০ টি আশ্রয়ন প্রকল্পের ঘর হবে। এরমধ্যে ৫০ টি ঘরের কাজ শেষ প্রায়। কাল সেগুলো হস্থান্তর করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম বললেন, জেলায় ৩৯০৮ জন গৃহহীনকে ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। এরমধ্যে ৪০৭ টি ঘরের কাজ শেষ। এই ঘরগুলো আগামী ২৩ জানুয়ারি সমঝে দেওয়া হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী।