বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগরের হারিবন হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে দুই মৎস্যজীবী নিহত হয়েছে। বৃহষ্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। রাতে ঘটনাস্থলেই একজন মারা যান। একজন নিখোঁজ হন। শুক্রবার সকালে নিখোঁজের মৃতদেহ হাওরে ভেসে ওঠলে স্থানীয়রা উদ্ধার করেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে হারিবন হাওরে উপজেলার চামরদারি ইউনিয়নের আনজুরা গ্রামে একটি নৌকায় করে ৫ মৎস্যজীবী রাতে বরাবরের মতো হাওরে মাছ ধরতে যান। এসময় তুমুল বজ্রপাত শুরু হয় হাওরে। বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান বাবলু মিয়া। বজ্রপাতে নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন আব্দুল আউয়াল মিয়া। নৌকায় থাকা অপর তিন মৎস্যজীবীও আহত হন। শুক্রবার সকাল সাড়ে ৮টায় নিখোঁজ মৎস্যজীবী আওয়াল মিয়ার মৃতদেহ হাওরে ভেসে ওঠে। স্বজনরা উদ্ধার করে নিয়ে এসেছেন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
চামরদানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রশাসনকে খবর দেওয়া হয়েছে। স্বজনরা মৃতদেহ নিয়ে দাফনের ব্যবস্থা করছেন। প্রশাসনিকভাবে নিহতের পরিবারদের সহযোগিতা করা হবে।