স্টার রিপোর্টার ::
করোনা সংক্রমণ ঠেকাতে সুনামগঞ্জ পৌরসভা ও ছাতক পৌরসভাকে রেডজোন ঘোষণা করা হয়েছে। আজ সোমবার জেলা তথ্য অফিসের পক্ষ থেকে সবাইকে জানানোর জন্য শহরে মাইকিং করা হয়েছে।
আগামীকাল মঙ্গলবার থেকে প্রায় ৩ সপ্তাহের জন্য রেডজোন হিসেবে থাকবে এই দুই পৌরসভা। পরিস্থিতি বিবেচনা করে আরও রেডজোন বাড়তে পারে বলে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।
ইতোমধ্যে সুনামগঞ্জ জেলায় সাধারণ মানুষ বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীসহ প্রায় ৫২৫ জনের বেশি লোকের কোভিড-১৯ পজিটিভ। এ কারণে সরকারের নির্দেশনা অনুযায়ী সুনামগঞ্জ পৌরসভা ও ছাতক পৌরসভায় আক্রান্তের সংখ্যা বেশি হওয়ার ফলে এই দুই জায়গাকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।
রেডজোন থাকাকালীন সময়ে জরুরি দোকান তথা মুদি ও ফার্মেসি ছাড়া সব কিছু বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলে আটক করবে পুলিশ। এ ছাড়া জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হলে অবশ্যই স্বাস্থ্য বিধি মেনে বের হতে হবে। একই সাথে যদি প্রয়োজনীয় কারণ দেখা ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, এই সময়ে যদি কেউ পাড়ায় আড্ডায় দেয় পুলিশ দেখতে পায় তাহলে সাথে সাথে আটক করা হবে। একই সাথে নীরবতার ফাঁকে যাতে চুরি না বাড়ে সে দিকে খেয়াল রাখবে পুলিশ। জরুরি প্রয়োজনে যে কেউ স্বাস্থ্য বিধি মেনে বাইরে যেতে পারবে।
সুনামগঞ্জে সিভিল সার্জন ডা.শামস উদ্দিন বলেন, সবাই সচেতন হওয়ার কোনও বিকল্প নেই। আমরা ছাতক ও সদর পৌরসভাকে রেড জোন হিসেবে চিহিৃত করেছি। এখন প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।