স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে সদর পুলিশ ফাঁড়ির অভিযানে ৪২ বোতল বিদেশি মদ ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নুর হোসেন (৩৫) ও সোহাগ মিয়া (২৯)। তাঁরা সুনামগঞ্জ সদর উপজেলার ইব্রাহিমপুর ও সৈয়দপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার ৩ নম্বর সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর এলাকায় অভিযান চালায় সদর পুলিশ ফাঁড়ির একটি দল। এ সময় ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের কাছ থেকে ‘ROYAL Green’ ও ‘AC Black’ ব্র্যান্ডের ৪২ বোতল বিদেশি মদ এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) অভিজিৎ ভৌমিক। এ সময় সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জুলহাস উদ্দিনসহ পুলিশের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।