শাল্লা প্রতিনিধি::
শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আমজাদ তালুকদার ইন্তেকাল করেছেন। রবিবার ৬ সেপ্টেম্বর দুপুর সাড়ে বারোটায় নিজ বাড়িতে তিনি এন্তেকাল করেন। বিএনপির নেতা আলী আমজাদ তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী।
জানা যায়, আলী আমজাদ তালুকদার ১নং আটগাঁও ইউনিয়নের আটগাঁও গ্রামের বাসিন্দা ও অত্র ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আন্ নোমানলর বড় ভাই। বিভিন্ন ধরনের দুরারোগ্যে আক্রান্ত থাকায় তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। অসুস্থতা অবস্থায় আজকে তার নিজ বাড়িতেই ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৬ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী এক প্রেস রিলিজের মাধ্যমে বলেন, আলী আমজাদ তালুকদারের মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত ও তার পরিবারবর্গ এবং নিকটজনদের মতো আমিও গভীরভাবে সমব্যথী। তিনি সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমান বীর উত্তম-এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে বিশ্বাসী ছিলেন। তিনি আটগাঁও ইউনিয়ন বিএনপি তথা শাল্লা উপজেলা বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে গেছেন। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন।
নাছির চৌধুরী পরিবারের সদস্যদের, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।