দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাইয়ে শতবছর ধরে ব্যবহৃত প্রায় ২০ একর গোচারণ ভূমি দখলের চেষ্টা করছে একটি প্রভাবশালী পরিবার। এতে বাধা দেওয়ায় দুই বাসিন্দাকে মারধর করা হয়েছে। আহত নির্মল তালুকদার (৫৯) ও মনোরঞ্জন তালুকদার (৫০)কে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, রফিনগর ইউনিয়নের কিত্তাগাঁও ও সুনামপুর সংলগ্ন নয়াগাঁও মৌজার ৩ নম্বর দাগের জমিতে গত শুক্রবার ভিটেবালু নিয়ে নৌকাযোগে ভরাটের চেষ্টা করা হয়। স্থানীয়রা বাধা দিলে কাজ বন্ধ করে তারা চলে যায় এবং হুমকি দেয়। পরদিন বাংলাবাজার এলাকায় নির্মল ও মনোরঞ্জনের ওপর লোহার রড, কাঠের রোলসহ দেশীয় অস্ত্র দিয়ে হামলা করা হয়।
এ ঘটনায় নির্মল তালুকদার থানায় লিখিত অভিযোগ এবং রবিবার ইউএনওর কাছে জমি রক্ষার আবেদন করেন। স্থানীয়রা দাবি করেন, সংখ্যালঘু হওয়ায় তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন।
তবে নুর হামিদ অভিযোগ অস্বীকার করে বলেন, ২০১২ সালে জমিটি নিয়ম মেনে ক্রয় করা হয়েছে। ওসি আমিনুল ইসলাম ও ইউএনও সনজীব সরকার বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।