স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল ৮টার দিকে ডোবার পানিতে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি গ্রাম পুলিশের মাধ্যমে থানা পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে সুনামগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ অনুসন্ধানে প্রাথমিক তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রতন শেখ জানান, জাহাঙ্গীরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের একটি ডোবায় নারীর মরদেহ ভাসমান অবস্থায় পাওয়ার খবর পেয়েছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর মরদেহ উদ্ধারের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।