স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের পর্যটন স্পট নীলাদ্রী লেক (শহিদ সিরাজ লেক) পর্যটকদের বর্জ্য অপসারণ করিয়েছেন স্থানীয় এমপি কামরুজ্জামান কামরুল। তার নির্দেশে দলীয় নেতাকর্মীরা শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নিলাদ্রী এলাকা ও আশপাশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। অভিযানের পর পাওয়া পরিবেশ বিধ্বংসী প্লাস্টিক সামগ্রী পোড়িয়ে ফেলেন তারা। পাশাপাশি পর্যটকদের যত্রতত্র বর্জ্য না ফেলার আহ্বানও জানানো হয়।
জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিলাদ্রী এলাকায় যত্রতত্র পরিবেশ বিধ্বংসী বর্জ্য ভাসতে দেখে সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুজ্জামান কামরুল দলীয় নেতাকর্মীদের পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান পরিচালনার নির্দেশনা দেন। তার নির্দেশনার আলোকে ২৮ আগস্ট শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে প্রায় অর্ধ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে নামেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া ও যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল। তারা প্রায় বিকেল ৬টা পর্যন্ত নিলাদ্রী ও আশপাশের এলাকা থেকে প্লাস্টিকের অপচনশীল বোতল, চিপসের প্যাকেট, পলিথিনসহ পরিবেশ বিধ্বংসী বর্জ্য সংগ্রহ করেন। পরে এসব পোড়িয়ে ফেলেন। এসময় পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে যত্র তত্র বর্জ্য না ফেলার আহ্বানও জানান তারা।
পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দানকারী তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল বলেন, এমপি মহোদয়ের নির্দেশে আমরা পর্যটন এলাকা শহিদ সিরাজ লেকে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছি। এতে স্বতস্ফুর্ত হয়ে স্বেচ্ছাসেবীরা অংশ নেন। আমরা বর্জ্য অপসারণের পাশাপাশি পর্যটক ও পর্যটকবাহী যানবাহনের সংশ্লিষ্টদেও যত্রতত্র বর্জ্য না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানিয়েছি। এমপির পক্ষ থেকে পরিচ্ছন্নতা অভিযানের ধারাবাহিকতা বজায় থাকবে।