বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুরে ভারতে পালিয়ে যাওয়ার সময় জাহাঙ্গীর হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে তাহিরপুর পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের কড়ইগড়া গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে তৌহিদুল ইসলাম ভুঁইয়া, মাহারাম উত্তর পাড়ার আব্দুল মজিদের ছেলে আহসান হাবিব, একই পাড়ার হারুনুর রশীদের ছেলে সুলাইমান।
পুলিশ সূত্রে জানাযায়, রোববার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা মো. গোলাম হক্কানীর নেতৃত্বে পুলিশের একটি টিম তাহিরপুর উপজেলার বাংলাদেশ – ভারত সীমান্তের কড়ইগড়া রাজাই এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন।
সোমবার বিকেলে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদআব্দুল লতিফ তরফদার জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িত ঘটনায় ৩ জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
কি কারণে ঐ হত্যাকাণ্ড এবং আরো কেউ জড়িত আছে কি না সেই জন্য পুলিশ তিন আসামির ৭ দিনের রিমান্ড চাইবে।
তিনি আরো জানান, হত্যা কাণ্ডের সাথে কারা জড়িত সেটি খুঁজে বের করতে পুলিশের একটি টিম গোপনে তদন্ত চালিয়ে যায় ফলে গত রোববার রাতে অবৈধ ভাবে ভারত যাওয়ার পথে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা শান্তিপুর থেকে গত শনিবার জাহাঙ্গীর আলম (২৩) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের পিতা উত্তর বড়দল মোহাম্মদ আলী পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৮/১০ জনকে আসামী করে শনিবার রাতেই তাহিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।