তমাল পোদ্দার, ছাতকঃ
ছাতকে মন্দিরের ছাদে দৃষ্টি নন্দন বাগান গড়ে তোলা হয়েছে। শহরের মধ্যবাজারে অবস্থিত গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া ছাদে গড়ে তোলা বাগানটি যে কারো নজর কাড়তে সক্ষম। বাগানে আম, লিচু, কমলা, মালটা, পেয়ারা, কামরাঙ্গা, টমেটো, মরিচ, বিভিন্ন ধরনের ফুলসহ আরো অন্যান্য প্রজাতির গাছ রয়েছে। গাছের পাত্রগুলো এমন ভাবে রাখা হয়েছে যাতে করে ছাদের কোন ক্ষতি না হয়। বৃষ্টিতে পাত্রের রং নষ্ট হয়ে যাওয়ায় নতুন করে রং লাগানো হয়। মন্দিরের বাগানের সেই অপরূপ দৃশ্য দূর থেকে যে কারো নজর আকৃষ্ট করবে। নারদ রায় প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত বাগানের পরিচর্যা করেন। তিনি মধ্যবাজারের বাসিন্দা। তার ইচ্ছেতেই ওই বাগান গড়ে তোলা। গাছে পানি দেওয়া থেকে শুরু করে সময় মতো সার ও কীটনাশক ব্যবহার তিনি নিজেই দিয়ে থাকেন। নারদ রায় বলেন, শুরুতে আখড়া কমিটির মৌখিক অনুমোদন নিয়ে শখের বশে তিনি বাগান শুরু করেন। এখন বাগানটি পরিপূর্ণ রূপ লাভ করতে পারায় নিজকে ধন্য মনে হচ্ছে। এখানের উৎপাদিত ফুল ও ফল মন্দিরের পূজার কাজে লাগানো হয় বলে তিনি জানিয়েছেন। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান বলেন, দেশে ছাদ বাগান দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এখন স্বল্প পরিসরে সহজে যে কেউ ফলসহ বিভিন্ন ধরনের সবজির ছাদ বাগান করতে পারবে। আর এ জন্য এখানের কৃষি বিভাগ উন্নত মানের বীজ, চারাগাছ ও পরামর্শ দিয়ে থাকে।