স্টাফ রিপোর্টার::
ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর দ্বিবার্ষিক নির্বাচন ২০২৭-২৮ উপলক্ষে সিলেটে প্রার্থীদের প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নগরীর গার্ডেন টাওয়ারের হলরুমে আয়োজিত এ প্রচারণায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী, প্রকৌশলী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার আইইবির দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
নির্বাচনে আইইবির সদর দপ্তরসহ সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভিন্ন পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থী তালিকা অনুযায়ী, সভাপতি পদে প্রকৌশলী খান মঞ্জুর মোর্শেদ এবং সম্মানী সাধারণ সম্পাদক পদে প্রকৌশলী মিয়া মুহাম্মাদ কাইয়ূম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রচারণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারস, বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন। বিশেষ অতিথি ছিলেন এ্যাবের সদস্যসচিব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু, ডুয়েটের উপাচার্য অধ্যাপক প্রকৌশলী ড. মোহাম্মদ ইকবাল এবং বিএডিসি সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রনজিত কুমার দেব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধান প্রকৌশলী প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরী।
নির্বাচন সামনে রেখে প্রার্থীরা ভোটারদের সমর্থন আদায়ে প্রচারণা চালাচ্ছেন। ১২ নভেম্বর ভোটগ্রহণের মধ্য দিয়ে আইইবির নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।