মো.অলিউর রহমান:
নিখোঁজের তিনদিন পর সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের মনোনয়ন প্রত্যাশী প্রার্থী মাওলানা মোস্তাক আহমদ গাজীনগরীর লাশ পাওয়া গেছে পুরাতন সুরমা নদীতে। শুক্রবার সকালে স্থানীয়রা লাশটি দেখে পুলিশকে খবর দেন। সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও দিরাই থানা পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছে। শুক্রবার বেলা সাড়ে ১০টায় দুই থানা পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ ক্ষুব্দ হয়ে ওঠেছেন। পরিবারের স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েছেন।
উল্লেখ্য গত মঙ্গলবার রাত থেকে তিনি নিখোঁজ হন। বুধবার তার সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। বৃহষ্পতিবার দিনভর সুনামগঞ্জ জেলা ও শান্তিগঞ্জ উপজেলা সদরে জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ তার সন্ধান চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল। মাওলানা মোস্তাক আহমদ গাজীনগরী জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন।
পুলিশ জানায়, দিরাই উপজেলার শ্যামনগর এলাকায় পুরান সুরমা নদীর যে স্থানটিতে লাশটি ভেসে ওঠেছে সেটি দিরাই ও শান্তিগঞ্জসহ দুই থানার মিলনস্থল। লাশটি নিখোঁজ মাওলানা মোস্তাক আহমদ গাজীনগরীর। শুক্রবার সকালে স্থানীয়রা নদীতে লাশটি দেখে পুুলিশকে খবর দেন। শান্তিগঞ্জ ও দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিয়েছে। লাশটি দেখতে ঘটনাস্থলে শত শত মানুষ অবস্থান করছেন। স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েছেন।
সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য এটিএম হেলাল বলেন, মাওলানা মোস্তাক গাজীনগরী একজন ভালো মানুষ ছিলেন। তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন। আজ তার লাশ পাওয়া গেল নদীতে। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে খুজে বের করে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।
দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থল দিরাই ও শান্তিগঞ্জ থানার মিলনস্থল। তাই আমরা দুই থানা মিলে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি নিয়েছি। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের খুজে বের করতে তদন্তও শুরু হয়েছে।