স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলায় ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণের ১ম ধাপের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পরিবেশ রক্ষায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুনামগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মোরশেদা খানমের নির্দেশনা এবং জেলা বন বিভাগের সহযোগিতায় সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মোট ৬৪৮ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ১,৫০০টি গাছের চারা তুলে দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় এই সবুজ উদ্যোগ প্রশংসনীয় ভূমিকা রাখবে। উল্লেখ্য, এই বিশেষ প্রশিক্ষণে তরুণ সদস্যদের দেশপ্রেম, আইন-শৃঙ্খলা রক্ষা, তথ্যপ্রযুক্তির নিরাপদ ব্যবহার, সাইবার অপরাধ প্রতিরোধ, উদ্যোক্তা হওয়ার কৌশল এবং দুর্যোগকালীন করণীয় বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণ কার্যক্রমে মোট ৮ জন অতিথি বক্তা বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন। এই আয়োজন তরুণ সদস্যদের দক্ষ, দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং পরিবেশ রক্ষায় বড় অবদান রাখবে।