স্টাফ রিপোর্টার:
পারিবারিক অভাব অনটন ও অধিক সন্তানের ভরণ পোষণ নিয়ে স্বামী স্ত্রীর ঝগড়ার জেরে দিরাইয়ে নিজের দুই অবুঝ শিশু সন্তানকে নিজ হাতে হত্যা করার কথা স্বীকার করেছেন বাবা কামরুল হাসান (৩২)। ঘটনার পর অভিযুক্ত বাবাকে আটক করেচে পুলিশ।
সুনামগঞ্জের দিরাইয়ে নিজের দুই অবুঝ শিশু সন্তানকে নিজ হাতে হত্যা করার কথা স্বীকার করেছেন বাবা কামরুল হাসান (৩২)। ঘটনার পর অভিযুক্ত বাবাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ৎে হত্যা মামলার প্রস্তুতি চলছে।
নিহত দুই শিশু হলো—ছয় বছর বয়সী মো. মুহাদ্দিস এবং সাড়ে তিন বছরের কন্যা শিশু তুলনা। অভিযুক্ত কামরুল হাসান দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া মধুপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার সকালে সিলেটের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন কামরুল। সেখানে শনিবার ও রবিবার অবস্থান শেষে বাড়ি ফেরার পরই নিখোঁজ হয় দুই শিশু। পরবর্তীতে শান্তিগঞ্জ উপজেলার নোয়াগাও উপজেলা ও সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুরে পৃথক দুটি স্থান থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়।
পরবর্তীতে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদে কামরুল স্বীকার করেন যে, তিনি নিজেই নিজ হাতে দুই সন্তানকে হত্যা করেছেন। পারিবারিক অভাব অনটন ও চার সন্তানের লালন পালন নিয়ে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে তিনি এই ঘটনা ঘটিয়েছেন বলে জানান।
এদিকে দুই সন্তানকে হারিয়ে ঘাতক কামরুলের স্ত্রী ফুলজান নেছা (২৫) ও মা আফরোজা বেগমসহ পরিবারের স্বজনরা চরম শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। হৃদয়বিদারক এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোক ও চাঞ্চল্যের ছায়া।
দিরাই থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ফেরিওয়ালা পিতা কামরুল দুই শিশুসন্তান হত্যার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।