স্টাফ রিপোর্টার::
আন্তর্জাতিক রামসার সাইট ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬ খ্রিঃ) তাহিরপুর উপজেলার হাওরের ইসিএ ভুক্ত সংরক্ষিত এলাকায় এ মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযান পরিচালনাকালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৫ ধারা লঙ্ঘন করার অপরাধে ০৮টি ইঞ্জিনচালিত ট্রলার চালককে সর্বমোট ৭,৫৫ো/= (সাত হাজার পাঁচশত পঞ্চাশ) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। নিষিদ্ধ এই সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ করে পরিবেশ দূষণ করার দায়ে তাদের এই জরিমানা করা হয়।এই মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাব্বির হোসেন শাওন। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো: সাইফুল ইসলাম। অভিযান পরিচালনাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহায়তা প্রদান করেন তাহিরপুর থানা পুলিশ এবং বাংলাদেশ আনসারের সদস্যবৃন্দ।আদালত সূত্র জানায়, জরিমানা আদায়ের পাশাপাশি টাঙ্গুয়ার হাওরে ভ্রমণকারী বিভিন্ন হাউজবোট ও পর্যটকদের মাঝে পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। একই সাথে স্থানীয় এলাকাবাসীকে ইসিএ (ECA) এলাকার ভেতরে ইঞ্জিনচালিত নৌযান চলাচলের ওপর বিদ্যমান আইনি বিধিনিষেধ সম্পর্কে বিস্তারিত অবহিত ও সতর্ক করা হয়।সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, হাওরের প্রাকৃতিক ভারসাম্য, জলজ সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় জনস্বার্থে এই ধরণের কঠোর ও সচেতনতামূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।