অনলাইন ::
সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে গোলযোগ হওয়া কয়েকটি কেন্দ্রে নতুন করে ভোট গ্রহণের দাবি জানিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দীন আহমদ কামরান।
ভোটের পরদিন মঙ্গলবার নগরীর ছড়ারপাড়ে নিজের বাসায় সাংবাদিকদের তিনি বলেন, “নৌকার ব্যাজ লাগিয়ে, জয়বাংলা স্লোগান দিয়ে বিভিন্ন কেন্দ্র দখল করে ধানের শীষে ভোট দেওয়া হয়েছে। বেশ কিছু কেন্দ্রে মারামারি হয়েছে, ব্যালট পেপার ছিনিয়ে নেওয়া হয়েছে।”
সোমবার এ নির্বাচনে সিলেটের ১৩৪ কেন্দ্রের মধ্যে দুটি গোলযোগের কারণে স্থগিত করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা ১৩২ কেন্দ্রের যে ফলাফল ঘোষণা করেছেন, তাতে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ ভোট। আর আওয়ামী লীগের প্রার্থী কামরান নৌকা প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট।
শীর্ষ দুই প্রার্থীর ভোটের ব্যবধান স্থগিত দুটি কেন্দ্রের ভোটের চেয়ে কম হওয়ায় রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান সোমবার ফল ঘোষণা করেননি। তিনি বলেছেন, দুই কেন্দ্রে আবার ভোট হওয়ার পর তার ভিত্তিতে ফল ঘোষণা করা হবে।
কিন্তু সিলেটের দুই বারের মেয়র কামরান তাতে সন্তুষ্ট নন। গোলযোগ হয়েছে এমন ১৭-১৮ টি কেন্দ্রে নতুন করে ভোট গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
সোমবারের ভোটে মানুষ তার অধিকার প্রয়োগ করতে পারেনি অভিযোগ করে এই আওয়ামী লীগ নেতা বলেন, “বিএনপি কূট কৌশলের মাধ্যমে নির্বাচনে বিজয়ী হওয়ার চেষ্টা করেছে। কিন্তু সিলেটের মানুষ এটা মেনে নেবে না।” সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net