অনলাইন:
প্রায় দুই দশক ধরে এই ছবিটা দেখা গিয়েছে আর্জেন্টিনায়। এক জন ফুটবলারকে ঘিরে বিশ্বজয়ের স্বপ্ন দেখা এবং শেষমেশ সেই স্বপ্নভঙ্গের যন্ত্রণায় বিদ্ধ হওয়া। এবারে মেসি এবং তার ভক্তরাও জানেন, রাশিয়ায় স্বপ্নপূরণ না হলে বিশ্বকাপ খুব সম্ভবত অধরাই থেকে যাবে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের। দেশ ছাড়ার আগে এক ক্ষুদে ভক্তও মেসিদের বলে দিয়েছে, 'বিশ্বকাপটা হাতে নিয়েই দেশে ফিরবে।' তাহলে কি এ বার প্রত্যাশার চাপটা দ্বিগুণ হয়ে উঠবে মেসির ওপর?
ফুটবলারদের বিদায় জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন কার্যালয়ে বিশেষ হেলিকপ্টারে উড়ে এসেছিলেন মাকরি। সঙ্গে ছিলেন তার ছোট মেয়ে আন্তোনিয়া। মেসির সঙ্গে আলাদা ভাবে বেশ কিছুটা সময় কথাও বলেন তিনি। আর্জেন্টাইন গণমাধ্যমের খবর অনুযায়ী, মেসিকে ডেকে মাকরি বলেন, 'মনে রেখো, তোমরা বিশ্বকাপে যাই করবে, তাতেই আর্জেন্টিনার মানুষ খুশি হবে। আর এটাও ভেবো না, তুমি বিশ্ব চ্যাম্পিয়ন হতে না পারলে, সেটা তোমার ফুটবল জীবনে কালো দাগ হিসেবে দেখা হবে। তোমার ব্যর্থতা হিসেবে ধরা হবে। এ রকম উন্মাদের মতো ভাবনা কারও মাথায় নেই।'
মেসিদের পক্ষ থেকে প্রেসিডেন্টকে দলের একটি জার্সি উপহারও দেওয়া হয়। ফুটবলারদের উদ্দেশে মাকরি বলেন, 'আমাদের একটা দারুণ দল আছে। দারুণ সব ফুটবলার আছে। সব চেয়ে বড় কথা হল, আমরা ভাগ্যবান যে বিশ্বের সেরা ফুটবলার আছে আমাদের দলে। আমার কাছে সব চেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল, তোমরা বিশ্বকাপে খেলাটা উপভোগ করছ কি না। আমি বলব, যাও আর বিশ্বকাপ উপভোগ করো।'
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net