রাজন চন্দ, তাহিরপুর::
সুনামগঞ্জের তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গত দুইদিন ধরে অনশন করছে এক কলেজ ছাত্রী। ঘটনাটি ঘটেছে উপজেলা সদর মধ্য তাহিরপুর রায়পাড়া গ্রামে। এই নিয়ে উৎসুক জনতা প্রেমিকের বাড়িতে ভিড় করছে। প্রেমকে অস্বীকার করে প্রেমিক গোপনে অন্যত্র বিয়ে করার পায়তারা করার খবরে প্রেমিকা বাড়িতে এসে অনশনে বসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলা সদর মধ্য তাহিরপুর গ্রামের সুনীল তালুকদারের জেষ্ঠ্য পুত্র শুভ্র তালুকদার এর সঙ্গে দিরাই উপজেলার দিরাই ডিগ্রি কলেজের জনৈক ছাত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। গত ৪ ফেব্রুয়ারি সুনামগঞ্জ কালী বাড়িতে সিদুঁর পরে গোপনে তারা বিয়েও করেছেন বলে স্থানীয় সাংবাদিকদের জানান অনশনকারী ছাত্রী। তিনি আরও জানান, সম্প্রতি শুভ্র তালুকদার অন্যত্র বিয়ের পায়তারা করছে এবং তাকে ঘরে তুলতে টালবাহানা শুরু করায় রাতে দিরাই থেকে তাহিরপুর উপজেলার শুভ্র তালুকদারের বাড়িতে এসে গত বুধবার রাত ৮টা থেকে বিয়ের দাবীতে তিনি অনশন শুরু করেন। এদিকে প্রেমিকা বাড়িতে আসার সংবাদ পেয়েই প্রেমিক শুভ্র তালুকদার বাড়ি থেকে পালিয়ে যায়। অনশনকারী স্মৃতি রানী সরকার কে সুব্রতর পরিবার নানা ভয় ভীতি প্রদর্শন করেও তাকে বাড়ি থেকে তাড়াতে পারছেন না বলে জানা গেছে।
বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় গণ্য মান্য ব্যাক্তি ও তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বুরহান উদ্দিন বৃহস্পতিবার সকালে শুভ্র তালুকদারের বাড়িতে যান এবং অনশনকারী প্রেমিকাকে পুত্র বধূ হিসেবে ঘরে তুলে নিতে প্রেমিক সুব্রতর পরিবারের সঙ্গে কথা বলেন।
তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন জানান, বিষয়টি জানতে পেরে বুধবার রাতে তিনি ঘটনাস্থলে যান এবং মেয়েকে ঘরে তুলে নেয়ার জন্য ছেলের পরিবারের সঙ্গে কথা বলেছেন।
তাহিরপুর থানার এস আই আমির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি স্থানীয় গণমান্য ব্যাক্তিরা সমাধানের চেষ্টা করছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net