হাওর ডেস্ক::
প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ পদক’ পেয়েছেন প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন। পুরস্কার হিসেবে তাকে একটি স্বর্ণপদক ও নগদ ৫০ হাজার টাকা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাণিসম্পদ খাতকে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি এই খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে পারলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। এর মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ঘটিয়ে একটি স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলা সম্ভব।
পদক পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘দীর্ঘ ৩০ বছরের পথচলার পর আজ সরকারের পক্ষ থেকে যে স্বীকৃতি পেলাম, সেজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।’ এ সময় তিনি দেশের খামারিদের কথা তুলে ধরে গো-খাদ্যে সরকারি ভর্তুকি প্রদানের জন্য প্রধানমন্ত্রীর কাছে বিশেষ আবেদন জানান।
উল্লেখ্য, এ বছর প্রাণিসম্পদ খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য মোট আটটি ক্যাটাগরিতে ২৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদকে ভূষিত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net