স্টাফ রিপোর্টার::
সিলেটের রাতারগুলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সভায় বাস নিয়ে যাওয়ার অভিযোগে গ্রেপ্তার পরিবহন শ্রমিক নেতা সুজন মিয়ার মুক্তির দাবি জানিয়েছেন সুনামগঞ্জের শ্রমিক নেতারা। একই সঙ্গে তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন তারা।
দাবি পূরণ না হলে আগামী ২০ ডিসেম্বর সকাল থেকে সুনামগঞ্জ-সিলেট সড়কে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা।
মঙ্গলবার দুপুর ১২টায় সুনামগঞ্জ নতুন বাস টার্মিনালের সামনে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এতে বক্তব্য দেন জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও শ্রমিক নেতা ফারুক আহমদ। গ্রেপ্তার সুজন মিয়া জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন পরিচালনা কমিটির সদস্য।
মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, সম্প্রতি গোয়াইনঘাট উপজেলার রাতারগুল এলাকার একটি রিসোর্টে রনজিত সরকারের একটি সভা অনুষ্ঠিত হয়। তবে ওই সভা আওয়ামী লীগের নেতার আয়োজনে হচ্ছে—এ বিষয়ে বাসশ্রমিকদের কোনো ধারণা ছিল না। কয়েকজন ব্যক্তি আনন্দভ্রমণের কথা বলে একটি বাস ভাড়া করেন। পেশাগত দায়িত্বের অংশ হিসেবে সুজন মিয়া ওই বাসে যাত্রীদের রাতারগুলে পৌঁছে দেন।
তাদের দাবি, সভার বিষয়ে কোনো ধারণা বা সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও সেখানে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সুজন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহার না হলে ২০ ডিসেম্বর সকাল থেকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হবে।
প্রসঙ্গত, গত ৮ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার সিলেট নগর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে রাতারগুলের ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্টে’ একটি সভা করেন। সভায় তিনি সরকারের সমালোচনা করে বক্তব্য দেন। পরে তিনি সীমান্ত অতিক্রম করে ভারতে চলে গেছেন বলে খবর ছড়িয়ে পড়ে। পরদিন নিজের ফেসবুক আইডিতে সভার ভিডিও প্রকাশ করেন রনজিত সরকার। এ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে তৎপরতা শুরু হয় এবং বিষয়টি জাতীয় পর্যায়েও আলোচনায় আসে।
এ ঘটনায় পরদিন রনজিত সরকারসহ ১৯৫ জনকে আসামি করে সিলেটের গোয়াইনঘাট থানায় মামলা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net