স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের বাঁশতলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গরু ও সুপারি চোরাচালান, পুশ-ইন এবং মানব পাচার প্রতিরোধে স্থানীয় লোকজনকে নিয়ে জনসচেতনতামূলক সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এ সভার আয়োজন করে। সভায় বাঁশতলা বিওপির দায়িত্বপূর্ণ শহীদ মিনার এলাকার স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
সভায় সরকারি কর্মকর্তা প্রমোদ প্রসন্ন খান ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মানিক রায় চৌধুরী স্থানীয় লোকজনকে সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু ও সুপারি পাচার, পুশ-ইন এবং মানব পাচার প্রতিরোধে সচেতন করেন। একই সঙ্গে এসব অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হতে এবং চোরাকারবারিদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তাঁরা।
বিজিবির পক্ষ থেকে আন্তর্জাতিক সীমান্ত ও শূন্যরেখার আশপাশে অপ্রয়োজনীয় চলাচল থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। সীমান্ত এলাকায় সন্দেহভাজন ব্যক্তির চলাচল, মানব পাচার, পুশ-ইন কিংবা গরু ও সুপারি চোরাচালানের কোনো ঘটনা চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি বিওপিকে জানানোর অনুরোধ করা হয়।
সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করে বিজিবি অধিনায়ক লে. ক. এ কে এম জাকারিয়া কাদির।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর রাতে এসব তথ্য জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net