স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে ‘ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল ফেস্টিভ্যাল ২০২৬’-এ অংশ নিতে আজারবাইজান গেছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উদীয়মান ফুটবলার রাজু আহমদ ভূঁইয়া।
গত বুধবার সকালে জাতীয় দলের সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
রাজু জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই (লম্বা হাটি) এলাকার গোলাম রব্বানী ভূঁইয়ার ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট রাজু স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি আক্রমণভাগে খেলেন।
রাজু বলেন, ছোটবেলা থেকেই জাতীয় দলে খেলার স্বপ্ন ছিল। আজ দেশের হয়ে বিদেশে খেলতে যাচ্ছি। সবাই দোয়া করবেন, যেন দেশের জন্য ভালো খেলতে পারি।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সৈয়দনূর বলেন, সপ্তম শ্রেণিতে পড়ার সময় রাজুর খেলা দেখে তাকে উৎসাহ ও সহযোগিতা করেছেন। তার এই অর্জনে তাঁরা গর্বিত।
জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সামিনুর রহমান বলেন, কঠোর পরিশ্রমে রাজুর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করা হাওরপারের মানুষের জন্য গর্বের। তিনি রাজুর সাফল্য কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net